নারায়ণগঞ্জে বাস পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, গাড়ির চাপ থাকলেও যানজট নেই
- প্রকাশকাল ০৩:১৬:৪৬ পিএম, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / ৯ পাঠক
ঈদে বাড়ি ফিরতে পরিবহন কাউন্টারগুলোতে যাত্রীদের অপেক্ষা। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকায়।
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে নারায়ণগঞ্জে ঘরমুখী মানুষের চাপ বাড়লেও দেখা দিয়েছে ভিন্নধর্মী এক পরিস্থিতি।সড়কে যানজট নেই, কিন্তু বাসের জন্য যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।
বৃহস্পতিবার সকালে সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকায় সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও যানজট নেই। সড়ক অনেকটাই স্বাভাবিকভাবে চলছে। কিন্তু পরিবহন কাউন্টারগুলোতে শত শত যাত্রী ভিড় করে বাসের অপেক্ষায় বসে আছেন। অনেকে আবার টিকিটই পাচ্ছেন না।
যাত্রীদের অভিযোগ, নির্ধারিত সময়েও বাস আসছে না, আর এই সুযোগে কিছু পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে। অনেক ক্ষেত্রে জনপ্রতি ১০০থেকে ১৫০ টাকা বেশি নেওয়া হচ্ছে, এমনকি কিছু রুটে প্রায় দ্বিগুণ ভাড়া চাওয়ার অভিযোগও রয়েছে।

ভৈরবগামী এক যাত্রী জানান, ভোর থেকেই কাউন্টারে বসে থেকেও বাস পাননি। একই অবস্থা চাঁদপুরগামী যাত্রীদেরও। ছোট শিশু নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, যা হয়ে উঠেছে চরম ভোগান্তির কারণ।
পরিবহন সংশ্লিষ্টদের দাবি, ঈদ উপলক্ষে আগেই অধিকাংশ টিকিট বিক্রি হয়ে গেছে। এখন যাত্রীরা ‘রানিং’ বাসের ওপর নির্ভর করছেন। কিন্তু ঢাকায় গাড়ি ঢোকা ও বের হওয়ার সময় বেশি লাগায় নির্ধারিত সময়ে বাস টার্মিনালে পৌঁছাতে পারছে না। ফলে চাহিদার তুলনায় বাসের সংখ্যা কমে যাচ্ছে।
অন্যদিকে, নারায়ণগঞ্জ হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২১টি জেলার যানবাহন চলাচল করলেও এবার এখন পর্যন্ত বড় ধরনের যানজট দেখা যায়নি। হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মানুষ তুলনামূলক স্বস্তিতে যাতায়াত করতে পারছে।
সব মিলিয়ে, সড়কে স্বস্তি থাকলেও বাসসংকট ও অতিরিক্ত ভাড়ার কারণে ঈদযাত্রার শুরুতেই দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।








